🔥 ट्रेंडिंग ಜನವಾಡದಲ್ಲಿ ವಲಯ ಮಟ್ಟದ ಪ್ರತಿಭಾ ಕಾರಂಜಿ Haryana U-23 महिला क्रिकेट टीम Uttarak... दोस्त की शादी में शराब पीने की घटना पर... 📰 NEED24 NEWS आईएमडी ने आज दिल्ली, पंजाब, हरियाणा मे... मंगलपुर नदी पर पुल क्षतिग्रस्त, लोहे क...
27 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

স্কুলের ঘরে তালাবন্দি! ঘর পরীক্ষা না করেই তারা লাগিয়ে চলে যাওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, কান্দিতে চাঞ্চল্য

✍️ रिपोर्टर: BALAI PRAMANIK 🗓 27 नव. 2026, 09:28 AM 👁 15
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
স্কুলের ঘরে তালাবন্দি যুবক! ঘর পরীক্ষা না করেই তালা লাগিয়ে চলে যাওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, কান্দিতে চাঞ্চল্য

কান্দি, মুর্শিদাবাদ: স্কুল ছুটির পর বিদ্যালয়ের ঘরে কেউ রয়েছেন কি না, তা পরীক্ষা না করেই দরজায় তালা লাগিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই অসতর্কতার জেরে দীর্ঘক্ষণ স্কুলের ঘরের ভিতরেই তালাবন্দি অবস্থায় থাকতে হল এক বোবা ও সাময়িক ভারসাম্যহীন যুবককে। শেষ পর্যন্ত পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দরজা খুলে উদ্ধার করা হয় তাঁকে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদ জেলার কান্দির মোহনবাগান জি.এস.এফ.পি বিদ্যালয়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোনওভাবে ওই যুবক বিদ্যালয়ের একটি ঘরের ভিতরে থেকে যান। এদিকে স্কুল ছুটির পর বিদ্যালয় বন্ধ করার সময় ঘরের ভিতরে কেউ রয়েছেন কি না, তা ভালোভাবে পরীক্ষা না করেই তালা লাগিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে রামপ্রসাদ মণ্ডল নামে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, ওই যুবক ভিতরে থাকা সত্ত্বেও বিষয়টি তাঁর নজরে আসেনি।

অন্যদিকে, সন্ধ্যা গড়িয়ে গেলেও যুবক বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। শুরু হয় খোঁজাখুঁজি। পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন জায়গায় তাঁর সন্ধান করতে থাকেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর আচমকাই বিদ্যালয়ের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পান তাঁরা। সন্দেহ হওয়ায় স্কুলের একটি ঘরের জানালা দিয়ে উঁকি মারতেই তাঁদের নজরে আসে তালাবদ্ধ ঘরের ভিতরে আটকে রয়েছেন ওই যুবক।

এরপরই তাঁকে উদ্ধারের জন্য তৎপরতা শুরু করেন স্থানীয় বাসিন্দারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, রামপ্রসাদ মণ্ডল নামে এক শিক্ষক ঘরটিতে তালা লাগিয়ে চলে গিয়েছেন। পরে ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাড়ি থেকে অনেক দূরে রয়েছেন বলে জানা যায়। ফলে দ্রুত স্কুলের তালা খোলার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকের স্ত্রীর কাছ থেকে বিদ্যালয়ের চাবি সংগ্রহ করে দরজা খোলা হয় এবং দীর্ঘক্ষণ তালাবন্দি থাকার পর উদ্ধার করা হয় ওই যুবককে।

এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিদ্যালয়ের নিরাপত্তা ও দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, প্রতিদিন স্কুল বন্ধ করার আগে প্রতিটি শ্রেণিকক্ষ ও অন্যান্য ঘর ভালোভাবে পরীক্ষা করে দেখা কি বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কর্তব্য নয়? একজন বিশেষ চাহিদাসম্পন্ন যুবক কীভাবে স্কুলের ঘরের ভিতরে থেকে গেলেন এবং তা কারও নজরে এল না, সেই প্রশ্নও উঠছে।

বিশেষ করে, ঘর বন্ধ করার আগে ভিতরে কেউ রয়েছেন কি না, তা নিশ্চিত না হয়ে তালা লাগিয়ে চলে যাওয়ার অভিযোগ যথেষ্ট উদ্বেগজনক। সামান্য অসতর্কতা যে কতটা বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে, কান্দির এই ঘটনাই তার উদাহরণ বলে মনে করছেন স্থানীয়রা।

তবে এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক রামপ্রসাদ মণ্ডলের বক্তব্য এখনও জানা যায়নি। পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা শিক্ষা দফতরের তরফেও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এখন স্থানীয়দের দাবি, ঘটনার যথাযথ তদন্ত করে দায়িত্বে অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হোক এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য বিদ্যালয়গুলিতে স্কুল বন্ধের আগে প্রতিটি ঘর পরীক্ষা করার যথাযথ ব্যবস্থা নিশ্চিত করা হোক।
📲Get App