ঘূর্ণিঝড় আকভানের প্রভাব, দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা! পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান। এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব ঘিরে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ-সহ উপকূলবর্তী রাজ্যগুলিতে জারি করা হয়েছে সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। আকভান স্থলভাগের দিকে এগিয়ে আসছে। তার ফলে বৃহস্পতিবার ভোর থেকেই কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। একই অবস্থা দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কমলা সতর্কতা ছাড়া বাকি সব জেলার জন্য রয়েছে হলুদ সতর্কতা। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়া পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলার জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস মত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবারের জন্যও হলুদ সতর্কতা থাকছে। অনেক জায়গায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও রয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টির দাপট কমতে শুরু করবে বলেই মনে করছেন আবহবিদেরা। উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের মত বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।