🔥 TRENDING Banbigha Haspura aurangabad ਆਲ ਪੰਜਾਬ ਆਂਗਣਵਾੜੀ ਮੁਲਾਜ਼ਮ ਯੂਨੀਅਨ ਦੇ ਵਫ... Toyota Innova Hycross Facelift Launche... Flipkart CEO Kalyan Krishnamurthy to S... FIR filed against Pulkit Arya's father... Cattle Smuggler Dies in Wrong-Side Cra...
26 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

১৪ দফা দাবিতে নবগ্রামে কংগ্রেসের ডেপুটেশন! SIR বাতিল, কর্মসংস্থান, পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে সরব নেতৃত্ব, পথসভা থেকে রাজ্য ও কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 26 Nov 2026, 11:26 AM 👁 20
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
১৪ দফা দাবিতে নবগ্রামে কংগ্রেসের ডেপুটেশন! SIR বাতিল, কর্মসংস্থান, পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে সরব নেতৃত্ব, পথসভা থেকে রাজ্য ও কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ।

নবগ্রাম, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলা জুড়ে একযোগে ডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছিল কংগ্রেস। সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার, ২৫শে নভেম্বর, নবগ্রাম ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রায় ১৪ দফা দাবি নিয়ে নবগ্রামের BDO ঈপ্সিতা ভট্টাচার্যের হাতে দাবিপত্র তুলে দেওয়া হয়।

এদিন ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে BDO অফিস চত্বরে একটি পথসভারও আয়োজন করা হয়। সেখানে কংগ্রেস নেতৃত্বের বক্তব্যে উঠে আসে SIR প্রক্রিয়া বাতিল করে প্রত্যেক বৈধ নাগরিকের ভোটাধিকার সুনিশ্চিত করা, মহিলাদের অন্নপূর্ণা ভাতার অর্থ প্রদান, গরিব পরিবারগুলিকে আবাস যোজনার ঘরের টাকা দেওয়া এবং যোগ্য আবেদনকারীদের বার্ধক্য ভাতা চালুর দাবি। পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান, নবগ্রাম ব্লকের বিভিন্ন এলাকায় পানীয় জলের স্থায়ী সমাধান এবং বেহাল রাস্তাঘাট সংস্কারের দাবিও জানানো হয়।

এদিন সাত সদস্যের একটি প্রতিনিধি দল BDO-র কক্ষে গিয়ে সরাসরি তার হাতে ডেপুটেশনের দাবিপত্র তুলে দেন। পরে তারা পুনরায় পথসভার মঞ্চে ফিরে আসেন।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে পূর্ব জোনের ব্লক সভাপতি ধীরেন্দ্রনাথ যাদব বিগত ১৫ বছরের তৃণমূল সরকারের শাসনকাল নিয়ে একাধিক অভিযোগ তোলেন। তার অভিযোগ, পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ গঠন, মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা, বুথ দখল এবং রাজনৈতিক সন্ত্রাসের মতো ঘটনা গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। পাশাপাশি শিক্ষা, চাকরি ও কয়লা সংক্রান্ত দুর্নীতির অভিযোগও তুলে ধরেন তিনি।

ধীরেন্দ্রনাথ যাদবের বক্তব্য, ২০২৬ সালে মানুষ পরিবর্তনের আশায় নতুন সরকারের দিকে তাকিয়ে থাকলেও বাস্তবে প্রত্যাশিত পরিবর্তন দেখতে পাচ্ছেন না। BDO অফিসের ভূমিকা নিয়েও কটাক্ষ করে তিনি বলেন, আগে যাঁরা তৃণমূলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন, এখন তাদের অনেকের গায়ে অন্য রঙের গামছা দেখা যাচ্ছে। তাঁর কথায়, আসলে পরিবর্তন হয়েছে শুধু গামছার রঙের, মানুষের সমস্যার সমাধান হয়নি।

এদিনের পথসভা থেকে গরুর হাট বন্ধ হয়ে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, সাগরদিঘির দীর্ঘদিনের গরুর হাট বন্ধ হয়ে যাওয়ায় পেকার বা গবাদি পশুর ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন সমস্যায় পড়েছেন এবং তাদের রুজি-রোজগারে প্রভাব পড়ছে। পাশাপাশি অসুস্থ গবাদি পশুকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যানবাহন ব্যবহারে বিধিনিষেধের প্রসঙ্গ তুলে প্রশ্ন তোলেন তিনি। তার বক্তব্য, যদি কোনও অসুস্থ গরুকে যানবাহনে করে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া না যায়, তাহলে বিকল্প ব্যবস্থা কী? এই পরিস্থিতিতে অসুস্থ গবাদি পশু পরিবহণের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার দাবিও জানান তিনি।

অন্যদিকে, পথসভায় বক্তব্য রাখতে গিয়ে পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সালমা ইয়াসমিনও ব্লক প্রশাসনের পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তার অভিযোগ, কোনও উপভোক্তা ত্রিপলের জন্য BDO অফিসে গেলে তাকে বারবার ঘোরানো হচ্ছে। মাত্র ৩০০ টাকার একটি ত্রিপল পাওয়ার জন্য কমপক্ষে চার-পাঁচ বার অফিসে যাতায়াত করতে হচ্ছে বলে দাবি করেন তিনি। এতে সাধারণ উপভোক্তারা হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন সালমা ইয়াসমিন। এমনকি BDO-কে ফোন করলেও অনেক সময় ফোন ধরা হয় না বলে অভিযোগ তুলে ব্লক স্তরে সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যার কথা তুলে ধরেন তিনি।

অন্যদিকে, ডেপুটেশন জমা দেওয়ার পর কংগ্রেস পশ্চিম জোনের ব্লক সভাপতি মীর বাদাম আলীর পক্ষ থেকে জানানো হয়, BDO তাদের সমস্ত দাবিদাওয়া মনোযোগ সহকারে শুনেছেন। ব্লক প্রশাসনের এক্তিয়ারের মধ্যে যে কাজগুলি করা সম্ভব, সেগুলি বাস্তবায়নের চেষ্টা করা হবে এবং ব্লক স্তরে সমাধান করা সম্ভব নয়, এমন দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে আশ্বাস দিয়েছেন BDO।

নবগ্রাম থানার পুলিশের নিরাপত্তা ও প্রহরায় সম্পন্ন হয় এদিনের কর্মসূচি। এখন দেখার, কংগ্রেসের উত্থাপিত ১৪ দফা দাবির মধ্যে কতগুলি বাস্তবে কার্যকর হয় এবং সাধারণ মানুষের সমস্যার কতটা সমাধান হয়।
📲Get App