🔥 TRENDING Misa Bharti's Viral Mimicry of Anant S... Truck Overturns onto Parked Car on NH-... Kekri Bar Association Holds 23rd Black... ಇಸ್ರೇಲ್ ಪ್ರಧಾನ ಬೆಂಜಮಿನ್ ನೆತನ್ಯಾಹು ವಿರೋ... गौरेला‑पेंड्रा‑मरवाही में फिट इंडिया अ... ಇರಾನ್ ಭೂಸೇನೆ ಹೈ ಅಲರ್ಟ್‌ನಲ್ಲಿ, ಗಡಿಯಲ್ಲಿ...
29 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

পৌরসভার টোটোর ধাক্কায় মর্মান্তিক মৃত্যু ৩৭ বছরের যুবকের! প্রাণ গেল দেবাশীষ হাজরা ওরফে পাপনের, শোকের ছায়া লালবাগে

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 29 Nov 2026, 12:00 PM 👁 13
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
পৌরসভার টোটোর ধাক্কায় মর্মান্তিক মৃত্যু ৩৭ বছরের যুবকের! প্রাণ গেল দেবাশীষ হাজরা ওরফে পাপনের, শোকের ছায়া লালবাগে

লালবাগ, মুর্শিদাবাদ : পৌরসভার টোটোর ধাক্কায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩৭ বছরের যুবক দেবাশীষ হাজরা, এলাকায় যিনি পাপন নামেই পরিচিত ছিলেন। লালবাগের বাজার শাহানগর এলাকায় ঘটে এই দুর্ঘটনা। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবার-পরিজন থেকে শুরু করে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সৎ পথে উপার্জন করে সংসার চালানোর উদ্দেশ্যে লালবাগের বাজার শাহানগর এলাকায় নিমতলা সংলগ্ন একটি লটারি দোকান চালাতেন দেবাশীষ। পরিবারে রয়েছেন তার বাবা-মা, স্ত্রী এবং এক পুত্রসন্তান। সদা হাস্যমুখ ও মিশুকে স্বভাবের পাপন এলাকায় যথেষ্ট পরিচিত ছিলেন।

প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সেই সময় ঘড়িতে আনুমানিক দুপুর দেড়টা। অভিযোগ, আচমকাই দ্রুতগতিতে ছুটে আসা একটি পৌরসভার টোটো তাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তাকে উদ্ধার করে দ্রুত লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। তবে বহরমপুরে নিয়ে যাওয়ার পথেই তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। এরপর তাকে পুনরায় লালবাগ মহকুমা হাসপাতালে ফিরিয়ে আনা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, টোটোচালক নেশাগ্রস্ত অবস্থায় অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। যদিও এই অভিযোগের সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ঘটনার পর অভিযুক্ত টোটোচালককে আটক করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে রাখা হয়েছে।

এদিকে দেবাশীষের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তার বাসস্থান হাট লালবাগের বড় ইদানা তলা এবং কর্মস্থল বাজার শাহানগর এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়। একদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারানোর বেদনা, অন্যদিকে অকালেই একটি তরতাজা প্রাণ চলে যাওয়ায় বাকরুদ্ধ আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা।

একটি দুর্ঘটনা কেড়ে নিল একটি পরিবারের স্বপ্ন, ভেঙে দিল স্ত্রী-সন্তান ও বাবা-মায়ের বেঁচে থাকার অন্যতম অবলম্বন। কীভাবে ঘটল এই দুর্ঘটনা, টোটোচালকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা কতটা—এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশি তদন্ত।
📲Get App