ঘূর্ণিঝড় আকভানের আতঙ্কে ধানচাষীদের কপালে চিন্তার ভাঁজ
ধান তোলার আগেই শুরু হয়ে গেল আকভানের তাণ্ডব। আকাশ জুড়ে কালো মেঘ, আর সঙ্গে বৃষ্টি শুরু হওয়ায় কপালে চিন্তার ভাঁজ কৃষকদের। আকভানের প্রভাবে রাজ্যে সরাসরি পড়েনি ঠিকই, তবে যা বৃষ্টি শুরু হয়েছে, তাতে কৃষকদের মাথায় হাত পড়েছে। একাধিক জেলা জুড়ে চলছে বৃষ্টি। পাশাপাশি একই চিত্র দেখা গেল পুরুলিয়া জেলার মানবাজারে। অকাল বর্ষণের ফলে ধান চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন মানবাজার মহকুমা এলাকার কৃষকেরা। জানা যায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে, ঝোড়ো হওয়ার ফলে ধান গাছ শুয়ে পড়েছে মাঠে। অতিবৃষ্টির ফলে ধান গাছের গোড়াতে জমতে শুরু করেছে জল। আর এই জমা জলের কারণে মাঠে নষ্ট হবে ফসল, এমনটাই আশঙ্কা তাদের। ফসল নষ্ট হওয়ার মাথায় হাত মানবাজার ১ ব্লকের চল্লা গ্রামের বাসিন্দা শিবশংকর ধবল দেব, সাগর সতপতি'র। শিবশংকর ধবল দেব জানান, বাড়িতে ধান ওঠার মুখে এই অকাল বর্ষণে পুরো ফসল নষ্ট হয়ে গেছে। সাগর সতপতি বলেন, ফসল কাটার তোড়জোড় করছিলেন। কিন্তু, তার আগেই দুর্যোগ তৈরি হওয়ায় মাঠের ফসল মাঠেই পড়ে আছে। এই অবস্থায় স্থানীয় প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি করেছেন তারা।