🔥 TRENDING माता रानी की कपा बानी रहे कांग्रेस महतो हत्याकांड: परिवार से मिल... वसुंधरा के गले लगकर भावुक हुई किरण जसव... ਡੇਰਾਬੱਸੀ: ਸਿਮਰਨ ਸਿਟੀ ਤੋਂ 38 ਸਾਲਾ ਔਰਤ ਭ... Auro Realty Goa Eagles GC Clinch X‑Gol... CM Trophy 2.0 Registration Opens for 1...
14 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

রসুলপুরে আটদলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার জমকালো উদ্বোধন, প্রধান অতিথি অধীর রঞ্জন চৌধুরী

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 14 Nov 2026, 08:26 PM 👁 17
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
রসুলপুরে আটদলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার জমকালো উদ্বোধন, প্রধান অতিথি অধীর রঞ্জন চৌধুরী

উদ্বোধনী ম্যাচে ১-০ গোলে জয়ী বীরভূমের A.R. নাইন স্টার, খেলা দেখতে মাঠে উপচে পড়ল ফুটবলপ্রেমীদের ভিড়

নবগ্রাম, মুর্শিদাবাদ: ফুটবলের টানে এক ছাতার তলায় হাজারো মানুষ! মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস, খেলোয়াড়দের দুরন্ত লড়াই আর অতিথিদের উপস্থিতিতে উৎসবের চেহারা নিল মুর্শিদাবাদ জেলার নবগ্রামের রসুলপুর। খেলাধুলার মধ্য দিয়ে সম্প্রীতি, ঐক্য ও সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে শনিবার বিকেলে রসুলপুর তরুণ সমিতির মাঠে শুরু হয় আটদলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা।

রসুলপুর তরুণ সমিতির পরিচালনায় এবং মুর্শিদাবাদ জেলা SC ও ST সভাপতি হিরু হালদারের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা SC ও ST সভাপতি হিরু হালদার, নবগ্রাম ব্লকের পশ্চিম জোনের ব্লক সভাপতি মীর বাদাম আলী, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির মুর্শিদাবাদ জেলা সভাপতি শরিফুল রহমান, রসুলপুর অঞ্চলের অঞ্চল সভাপতি আসগার আলী, পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সালমা ইয়াসমিন-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলের তোড়া, উত্তরীয়, ব্যাচ ও গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রধান অতিথি অধীর রঞ্জন চৌধুরীর হাতে বিশেষ মানপত্র তুলে দিয়ে তাকে সম্মানিত করেন উদ্যোক্তারা। এরপর পতাকা উত্তোলন, এক মিনিট নীরবতা পালন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। মাঠে উপস্থিত খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন অতিথিরা। পরে অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরেই প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়।

উদ্বোধনী ম্যাচেই ছিল টানটান উত্তেজনা। মুখোমুখি হয় বীরভূম থেকে আগত A.R. নাইন স্টার এবং জেনিথ কমেন্টস। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রতিপক্ষের জালে বল জড়িয়ে এগিয়ে যায় A.R. নাইন স্টার। গোলের পর ম্যাচের উত্তেজনা আরও বেড়ে যায়। দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় তুলে নেয় A.R. নাইন স্টার। উদ্বোধনী ম্যাচে প্রথম গোলদাতা খেলোয়াড়ের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থাও করেন উদ্যোক্তারা।

তবে শুধু মাঠের লড়াই নয়, দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মাঠের চারপাশে হাজার হাজার ফুটবলপ্রেমীর ভিড় গোটা পরিবেশকে উৎসবমুখর করে তোলে। বাদশাহী রাস্তার ধারে মাঠ হওয়ায় রাস্তা দিয়ে যাতায়াতকারী বহু মানুষও দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। সব মিলিয়ে রসুলপুরের ফুটবল উৎসবে সামিল হন বিভিন্ন এলাকার অসংখ্য ক্রীড়াপ্রেমী মানুষ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, ফুটবল শুধুমাত্র একটি খেলা নয়, এটি মানুষের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও মেলবন্ধন গড়ে তোলার অন্যতম মাধ্যম। এই খেলা এক দেশের খেলোয়াড়ের সঙ্গে অন্য দেশের খেলোয়াড়ের বন্ধুত্ব তৈরি করে। খেলাধুলা মানুষকে একত্রিত করে এবং জাতীয় ঐক্যের বন্ধনকে আরও মজবুত করে।

উদ্যোক্তাদের এই উদ্যোগকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যেও যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছে। তাদের আশা, এই প্রতিযোগিতা শুধু ফুটবলের আনন্দই ছড়াবে না, পাশাপাশি এলাকার নতুন ও প্রতিভাবান খেলোয়াড়দের নিজেদের দক্ষতা তুলে ধরার মঞ্চও তৈরি করবে। রসুলপুরের মাঠে ফুটবলের এই উৎসব আগামী দিনগুলিতেও একই উদ্দীপনায় চলবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
📲Get App