মহা সাড়ম্বরে উদযাপিত ছট উৎসব: আস্থা ও ঐতিহ্যের মিলন মানবাজারে
সারা দেশে শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে ছট উৎসব।ছটপুজো ভারতের অন্যতম প্রাচীন ও পবিত্র উৎসব। বিশেষত বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালিত হয় এই মহাপর্ব।একই চিত্র দেখা গেল পুরুলিয়ার মানবাজার শহরে। রবিবার মানবাজারে সাড়ম্বরে পালিত হচ্ছে ছট উৎসব। ছটপুজোয় সূর্যদেব এবং ছটি মাইয়ার আরাধনা করা হয়। পরিবারের সুখ-সমৃদ্ধি, সন্তানের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনায় বহু ভক্ত এই নিয়ম মেনে ব্রত পালন করেন। অনেকে এই পুজোকে সূর্যষষ্ঠীও বলে। প্রতিবছর কার্তিক মাসের শুক্ল তিথিতে ছট পূজা অনুষ্ঠিত হয়। মহিলারা মূলত পরিবার কল্যানে ছট পূজার ব্রত করে থাকেন।পাশাপাশি মানবাজারে ছট পুজো উপলক্ষ্যে দেখা গেল এক উৎসবমুখর পরিবেশ। শুক্লা চতুর্থী থেকে চারদিনের ব্রত পালন করে ব্রতীরা ছট মায়ের পুজো করেন। এই চারদিন কঠোর নিয়ম মেনে সূর্য দেবতার আরাধনা করা হয়। উপবাস পালনের পর নদী বা পুকুরের ঘাটে গিয়ে সূর্যকে দুধ, জল ও ফলের অর্ঘ্য নিবেদন করা হয়।ছট পুজোর আয়োজন ঘিরে এদিন উৎসবের রূপ নেয় মানবাজারে। মানবাজার সাপুকুর পুজোর জন্য নবরূপে সেজে ওঠে।বাঙালি-অবাঙালি, হিন্দি ভাষী সকলেই মিলেমিশে এই পুজোর আয়োজন ও আনন্দে অংশ নেন এদিন।