🔥 TRENDING Hyderabad to Receive Additional 40 MGD... Telangana sees season’s first single‑d... Odisha unveils new trekking routes to... Cyclone Akvan Weakens Over Odisha, No... Traffic Alert: Over 27 Weddings Likely... Gujarat Trader Defrauded of Rs 40 Lakh...
21 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

৪ বছর পরেও স্মৃতিতে অমলিন ঐন্দ্রিলা, মেয়ের স্মরণে মানবসেবায় সামিল বাবা-মা

✍️ Reporter: BALAI PRAMANIK 🗓 21 Nov 2026, 12:07 AM 👁 33
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
৪ বছর পরেও স্মৃতিতে অমলিন ঐন্দ্রিলা, মেয়ের স্মরণে মানবসেবায় সামিল বাবা-মা

প্রয়াত অভিনেত্রীর স্মৃতিতে পাঁচগ্রামে শীতবস্ত্র বিতরণ, মেয়ের ছবির সামনে অশ্রুসিক্ত মা শিখা শর্মা

নবগ্রাম , মুর্শিদাবাদ: সময়ের স্রোতে কেটে গিয়েছে চারটি বছর। বদলেছে ক্যালেন্ডারের পাতা, পেরিয়ে গিয়েছে অসংখ্য দিন। কিন্তু কিছু মানুষের স্মৃতি সময়ের সঙ্গে কখনও ফিকে হয় না। বিশেষ করে যে মানুষটি অল্প বয়সেই নিজের অভিনয় প্রতিভা ও প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে জয় করে নিয়েছিলেন হাজার হাজার মানুষের হৃদয়, তার অনুপস্থিতি আজও গভীরভাবে অনুভব করেন পরিবার থেকে শুরু করে অসংখ্য অনুরাগী। তিনি বাংলা টেলিভিশন জগতের পরিচিত মুখ, প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।

১৯৯৮ সালের ৫ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন ঐন্দ্রিলা। খুব অল্প সময়ের মধ্যেই নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে বাংলা টেলিভিশন জগতে বিশেষ পরিচিতি লাভ করেছিলেন তিনি। সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জিয়ন কাঠি’-তে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত হয়ে ওঠেন। পাশাপাশি ‘লাভ কেফ’ ঝুমুর ,, জীবন জ্যোতি ,, শেষ থেকে শুরু " জী বাংলা অরিজিনাল এ " চোরে চোরে মাসতুতো ভাই " " মিত্তির পাড়ার মারাদোনা " ভোলেবাবা পার করে গা , ওয়েব সিরিজ " ভাগাড় " এ ছাড়া অনেক বার " দিদি নম্বর 1" " দাদাগিরি " তেও উইনার হয়েছিলেন এবং ‘আমি দিদি নং ওয়ান’-এর মতো টেলিফিল্মেও তার অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।

কিন্তু অদৃষ্টের নির্মম পরিহাসে মাত্র ২৪ বছর বয়সেই থেমে যায় তার জীবনের পথচলা। ২০২২ সালের ২০শে নভেম্বর দুপুর ১২টা ৫৯ মিনিটে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই প্রতিভাবান অভিনেত্রী। দেখতে দেখতে আজ, ২০২৬ সালের ২০শে নভেম্বর, তার প্রয়াণের চার বছর পূর্ণ হলো। কিন্তু সময় যতই এগিয়ে যাক, পরিবারের কাছে তাদের আদরের মেয়েকে হারানোর যন্ত্রণা আজও একই রকম।

মেয়ের স্মৃতিকে অমলিন করে রাখতে এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে গত বছরের মতো এবারও এক মানবিক উদ্যোগ গ্রহণ করলেন ঐন্দ্রিলার বাবা উত্তম শর্মা ও মা শিখা শর্মা। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত পাঁচগ্রামে আয়োজন করা হয় অসহায়, দরিদ্র ও প্রবীণ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।

শীতের আগমনে যাদের কাছে একটি গরম পোশাকও অনেক বড় প্রাপ্তি, সেই সমস্ত মানুষের হাতে নিজেরাই শীতবস্ত্র তুলে দেন ঐন্দ্রিলার বাবা-মা। তাদের এই উদ্যোগে ধরা পড়ে মেয়ের স্মৃতিকে মানুষের সেবার মধ্য দিয়ে বাঁচিয়ে রাখার এক অনন্য প্রয়াস।

তবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরুর আগে পরিবেশ হয়ে ওঠে অত্যন্ত আবেগঘন। প্রথমে প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। ছবির সামনে রাখা হয় জল ও মিষ্টি। পরিবারের আদরের ছোট মেয়েকে স্মরণ করে নীরবে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে।

সেই সময়ই এক হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী হন উপস্থিত মানুষজন। মেয়ের ছবির সামনে জোর হাত করে দাঁড়িয়ে ছিলেন মা শিখা শর্মা। চোখের জল কিছুতেই ধরে রাখতে পারছিলেন না তিনি। চার বছর আগে যে সন্তানকে হারিয়েছেন, তার স্মৃতি যেন আজও প্রতিটি মুহূর্তে মায়ের হৃদয়ে জীবন্ত। মেয়ের ছবির দিকে তাকিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। মায়ের এই অসহায় কান্না দেখে উপস্থিত সকলের চোখও ভিজে ওঠে। মুহূর্তের মধ্যেই আবেগে ভারী হয়ে ওঠে গোটা পরিবেশ।

সন্তান হারানোর যন্ত্রণা যে কতটা গভীর, তা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সময় অনেক কিছু বদলে দিতে পারে, অনেক ক্ষত কিছুটা মলমও দিতে পারে, কিন্তু সন্তানের শূন্যতা একজন মা-বাবার জীবনে যে কতটা গভীর হয়ে থাকে, সেই দৃশ্য যেন আরও একবার মনে করিয়ে দিল পাঁচগ্রামের এই আবেগঘন মুহূর্ত।

উল্লেখ্য, ঐন্দ্রিলা শর্মার জীবনের একটি বড় অংশ কেটেছে এই পাঁচগ্রামেই। বাবার কর্মসূত্রে ছোটবেলা থেকে বেড়ে ওঠার অনেকটা সময় তিনি কাটিয়েছিলেন এই এলাকার মাটিতে। সেই সূত্রেই পাঁচগ্রামের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। এলাকার মানুষের কাছেও তিনি ছিলেন ঘরের মেয়ের মতো আপনজন। তাই তার প্রয়াণের চার বছর পরেও এলাকার মানুষের হৃদয়ে তার স্মৃতি আজও অমলিন।

শুধু স্মৃতিচারণ নয়, মেয়ের প্রতি ভালোবাসাকে মানুষের কল্যাণে উৎসর্গ করেই যেন এগিয়ে চলেছেন উত্তম শর্মা ও শিখা শর্মা। প্রিয়জনকে স্মরণ করার এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে সমাজের কাছে এক সুন্দর বার্তা বহন করে। কারণ কোনও মানুষকে ভালোবাসার অন্যতম শ্রেষ্ঠ উপায় হলো তার আদর্শ, স্মৃতি ও মানবিকতাকে বাঁচিয়ে রাখা।

ঐন্দ্রিলা আজ আর আমাদের মধ্যে শারীরিকভাবে উপস্থিত নেই। তার কণ্ঠস্বর আর শোনা যাবে না, নতুন কোনও চরিত্রে তাকে অভিনয় করতেও দেখা যাবে না। কিন্তু পরিবারের ভালোবাসা, অনুরাগীদের শ্রদ্ধা এবং মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগের মধ্য দিয়েই তিনি বেঁচে থাকবেন অসংখ্য মানুষের হৃদয়ে।

চার বছর পেরিয়েও ঐন্দ্রিলা শর্মা তাই শুধুই অতীতের একটি নাম নন, তিনি আজও অগণিত মানুষের আবেগ, ভালোবাসা ও স্মৃতির এক অবিচ্ছেদ্য অংশ।

প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার স্মৃতির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। তার আত্মার চিরশান্তি কামনা করি। ভালো থেকো ঐন্দ্রিলা, যেখানেই থেকো।
📲Get App